খবরবাংলা ডেস্ক :
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে আশুলিয়ায় আবারও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষোভকারী শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সুপার আরও জানান, শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের চার থেকে পাঁচজন সদস্য আহত হয়েছেন।
এদিকে, শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের আশঙ্কায় শিল্পাঞ্চলের শতাধিক পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










