খবর বাংলা ডেস্ক :
বৃহত্তর ময়মনসিংহ বিভাগে আজ তিন জেলার নির্বাচনী জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে, দুপুর ১২টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এবং দুপুর ২টায় গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ী মাঠে তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
এদিকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভাকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলে দলে মানুষ সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেন।
কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম জানান, এ জনসভায় প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে বলে তারা আশা করছেন। তিনি বলেন, দলমত নির্বিশেষে সাধারণ মানুষ জামায়াত আমিরের বক্তব্য শোনার জন্য সমাবেশে যোগ দিচ্ছেন। নির্বাচনের আগে ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











