খবরবাংলা ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার, রুপার চেইন ও পিতলের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজন পলাতক রয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে আখাউড়া পৌরশহরের বড় বাজার ও মালদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরশহরের বড় বাজার এলাকার জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) এবং মালদারপাড়া এলাকার আকাশ মালদার ওরফে হাসিব (২৮)। এ ঘটনায় পলাতক ব্যক্তি হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা তাজুল ইসলাম (৬২)। তিনি আখাউড়া পৌরশহরের মসজিদপাড়ায় ভাড়া বাসায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
আখাউড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে রাধানগর এলাকার শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে জারু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির ঘটনায় আকাশ মালদারের সম্পৃক্ততার তথ্য পেয়ে তাঁকেও গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার, রুপার চেইন, পিতলের বিভিন্ন সামগ্রীসহ আরও কিছু মালামাল উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির ঘটনায় দুই ব্যক্তিকে মালামালসহ গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











