খবরবাংলা ডেস্ক :
সৌদি আরবে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন শামা ওবায়েদ। একই সঙ্গে প্রাণহানির ঘটনায় শোক জানান তিনি।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান। এ ছাড়া হামলায় আহত বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা ও প্রয়োজনীয় যত্ন নেওয়ায় সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহ।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











