খবর বাংলা ডেস্ক :
যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরের ওপর অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস।
শনিবার (১৮ এপ্রিল) টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটির নৌবাহিনী জানায়, সন্ধ্যা থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়াকে শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে এবং নিয়ম ভঙ্গকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই উল্লেখ করে জাহাজ মালিক ও অপারেটরদের শুধুমাত্র ইরানের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে শুক্রবার হরমুজ প্রণালি খোলা ঘোষণা করা হলেও শনিবার আবারও জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে তেহরান।
ইরানের দাবি, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র বারবার আস্থা ভঙ্গ করেছে এবং ইরানি জাহাজ ও বন্দরের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করেনি।
আইআরজিসি জানিয়েছে, এই অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
এ ছাড়া পারস্য উপসাগর ও ওমান সাগরে নোঙর করা জাহাজগুলোকে বর্তমান অবস্থান থেকে না সরার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এই ঘোষণার ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











