খবরবাংলা ডেস্ক :
চলতি বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতেই নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে, সে বিষয়টি বিবেচনায় রেখে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূর করতে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ করে যাচ্ছেন। দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।
দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











