খবরবাংলা ডেস্ক :
একটি আসনের বিনিময়ে আদর্শ বিসর্জনের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা। তবে তিনি তার পোস্টে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাসনিম জারা লেখেন, ‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন, যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন।’
পোস্টে তিনি আরও বলেন, ‘একটি আসন যেমন এক দিনে দেওয়া যায়, তেমনই এক দিনে কেড়েও নেওয়া যায়। কিন্তু আদর্শই একমাত্র জিনিস যা কেউ দিতে পারে না, আবার কেড়েও নিতে পারে না— যদি না নিজেই তা হাতছাড়া করেন।’
তাসনিম জারার এই পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। তবে তিনি কার উদ্দেশে মন্তব্য করেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি।
এর আগে মঙ্গলবার ১১ দলীয় জোটের এক সমাবেশে মঞ্চে সামনের সারিতে নারীদের জন্য নির্ধারিত আসনে কয়েকজন নারী নেত্রীকে বসে থাকতে দেখা যায়। ওই অনুষ্ঠানের একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন।
ছবিটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, ওই ঘটনাকে কেন্দ্র করেই তাসনিম জারা ইঙ্গিতপূর্ণ এই পোস্ট করে থাকতে পারেন। তবে এ বিষয়ে তার পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











