খবরবাংলা ডেস্ক :
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর বিভিন্ন কর্মসূচির ফাঁকে তাদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন এমিন এরদোয়ান। নিজের ভেরিফায়েড পেজে জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি জানান, আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তার দেখা হয়েছে।
এদিকে, একই দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’ উপলক্ষে তুরস্কের আন্তালিয়ায় বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশ্বনেতারা সমবেত হয়েছেন। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











