ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা চালিয়ে গুলি করে গুরুতর আহত করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে টাঙ্গাইল শহরে বিক্ষোভ মিছিল করেছে দলটি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।
মিছিলে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।











