খবরবাংলা ডেস্ক :
কলকাতার হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার ছেলে স্বর্ণশীষ দত্তের মরদেহ শনিবার (২২ আগস্ট) রাতে কুষ্টিয়ায় পৌঁছানোর পর সৎকার সম্পন্ন হয়েছে। একই ঘটনায় নিহত দেবাশীষের স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম আলীর মরদেহ রোববার (২৩ আগস্ট) ভোরে দাফন করা হয়েছে।
শনিবার বিকেলে বেনাপোল স্থলবন্দরে দেবাশীষের পরিবারের চার সদস্যসহ সাভারের আহমেদ বাবুর মরদেহ পৌঁছায়। ইমিগ্রেশন ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রাতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পরে লাশবাহী গাড়িতে করে মরদেহগুলো নিজ নিজ এলাকার উদ্দেশে নিয়ে যান স্বজনরা।
কুষ্টিয়ায় পৌঁছানোর পর সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার ছেলে স্বর্ণশীষ দত্তের মরদেহের সৎকার করা হয়। অন্যদিকে, দেবাশীষের স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম আলীর মরদেহ রোববার ভোরে দাফন করা হয়েছে।
এদিকে, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আলিমুজ্জামান সাজু নামে পরিচিত সাজুর মরদেহ তার ছোট ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। পরে মরদেহটি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের বাড়িতে নেওয়া হয়। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
অন্যদিকে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতার নিমতলা শ্মশানে রেবতী সরকারের মরদেহের সৎকার করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার রাতে কলকাতার হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট ৯ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ৭ জন বাংলাদেশি নাগরিক। অগ্নিকাণ্ডে আরও কয়েকজন বাংলাদেশি আহত ও দগ্ধ হয়েছেন।
কলকাতার এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফেরত আনার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর নিজ নিজ এলাকায় ধর্মীয় রীতি অনুযায়ী তাদের শেষকৃত্য ও দাফন সম্পন্ন হচ্ছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











