খবরবাংলা ডেস্ক :
মেজর লিগ সকারে (এমএলএস) টানা ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মায়ামি। ঘরের মাঠে টরোন্টো এফসির কাছে ২-১ গোলে হেরে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকল লিওনেল মেসির দল। এই পাঁচ ম্যাচের চারটিতেই হার দেখেছে মিয়ামি।
রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে মিয়ামির ন্যু স্টেডিয়ামে ‘ইউনিসেফ নাইট’-এর ম্যাচে টরোন্টো এফসির মুখোমুখি হয় ইন্টার মায়ামি। চোট কাটিয়ে এ ম্যাচে একাদশে ফিরেছিলেন জার্মান ফরোয়ার্ড জার্মান বেরতেরামে। তবে তার প্রত্যাবর্তনেও মিয়ামির আক্রমণে কাঙ্ক্ষিত ধার দেখা যায়নি।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি শারীরিক লড়াইয়ে জড়িয়ে পড়ে। প্রথমার্ধে টরোন্টো কিছুটা চাপ তৈরি করলেও সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিল মিয়ামি। গোলরক্ষককে একা পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি অভিজ্ঞ উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। তার শট পোস্টের বাইরে চলে গেলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মিয়ামি। বেরতেরামের একটি প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় টরোন্টো।
ম্যাচের ৬০ মিনিটের পর মিয়ামির রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বাঁ পায়ের দারুণ শটে টরোন্টোকে এগিয়ে দেন জোশ সার্জেন্ট। ১-০ গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। ডেরিক এতিয়েন জুনিয়র গোল করে টরোন্টোর লিড ২-০ করেন।
দুই গোল হজমের পর মিয়ামির হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন লিওনেল মেসি। ম্যাচের শেষ দিকে রদ্রিগো ডি পলের দারুণ থ্রু পাস পেয়ে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান ২-১ করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা।
মেসির গোলে শেষ মুহূর্তে ম্যাচে উত্তেজনা ফিরে এলেও সমতা ফেরাতে পারেনি ইন্টার মায়ামি। যোগ করা আট মিনিটে একের পর এক আক্রমণ চালিয়েও টরোন্টোর রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় মিয়ামি। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় মেসিদের।
টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার সময়ে মিয়ামির রক্ষণভাগের দুর্বলতাও স্পষ্ট হয়েছে। এই সময়ে প্রতিটি ম্যাচে গড়ে ২ দশমিক ৪ গোল হজম করেছে দলটি। ফলে এমএলএসে নিজেদের অবস্থান নিয়ে নতুন করে চাপে পড়েছে মেসির দল।
ইন্টার মায়ামির সামনে এখন ঘুরে দাঁড়ানোর সুযোগ। আগামী ২৯ আগস্ট সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির দল।
তথ্য সূত্র : যমুনা টিভি











