খবরবাংলা ডেস্ক :
মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)। পরে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।
দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তাৎক্ষণিকভাবে তার অসুস্থতার কারণ বা শারীরিক অবস্থার বিস্তারিত জানানো হয়নি। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











