কালিহাতী
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের বেলটিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
এছাড়া নাগবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ব্যবহৃত একটি এক্সকাভেটর মেশিন বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
এ বিষয়ে ইউএনও খায়রুল ইসলাম বলেন, জনস্বার্থ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।











