টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে আয়োজিত সিরাত মাহফিলে মুসলমানদের পারস্পরিক বিভেদ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আলেম ও গবেষক মুফতি আলী হাসান উসামা।
বুধবার (২৬ আগস্ট) রাতে টাঙ্গাইল পৌর শহরের নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত সিরাত মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মুফতি আলী হাসান উসামা বলেন, বিভক্তি নয়, বরং ঐক্যবদ্ধ থাকাই মহানবী (সা.)-এর শিক্ষা। মুসলমানদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে তাঁর আদর্শ অনুসরণ করে রাষ্ট্র ও সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি সাহাবি হারিসুল আশআরি (রা.)-এর বর্ণিত একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, রাসুল (সা.) তাঁর উম্মতকে আল্লাহর নির্দেশিত পাঁচটি বিষয়ের শিক্ষা দিয়েছেন। এগুলো হলো—শোনা ও মেনে নেওয়া, আনুগত্য করা, জিহাদ করা, হিজরত করা এবং জামায়াতবদ্ধ বা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা।
টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে এবং অধ্যাপক ইকবাল হোসাইন বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিভাগের সেক্রেটারি জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহানবী (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য আদর্শ। তিনি অন্ধকার যুগের অবসান ঘটিয়ে নারীদের সম্মান প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের অধিকার নিশ্চিত করেছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বাংলাদেশে ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।
সিরাত মাহফিলে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম এমপি, জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবিরসহ জামায়াত ও সংশ্লিষ্ট সংগঠনের নেতারা।











