কালিহাতী
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা রায়পাড়া গ্রামে পৈত্রিক জমি ও পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের ওপর একাধিকবার হামলা, মারধর এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে। পরিবারটি কালিহাতী থানা-তে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে অভিযোগ দায়েরের জন্য আবেদন করেছে।
ভুক্তভোগী জামাল হোসেন (৫০) জানান, তার চাচাতো ভাতিজা মোঃ শহিদ (৫১), আরিফ (৪০), আসিফ (২২) ও শাহিন (৪৫)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে পৈত্রিক জমি ও পারিবারিক বিষয়ে বিরোধ চলছিল। অভিযোগে বলা হয়, ২৪ জানুয়ারি এশার নামাজের পর রায়পাড়া ওয়াক্তিয়া মসজিদের সামনে হারুন হোসেনকে আক্রমণ করা হয়। এরপর অভিযুক্তরা জামাল হোসেনের বাড়িতে ঢুকে কথা কাটাকাটির একপর্যায়ে তার ভাবী সুফিয়া বেগম (৪৫) ও ফাহিমা বেগম (৪২)-কে মারধর করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীল ফোলা জখম হয়েছে।
হামলার সময় অভিযুক্তরা বাড়ির টিনের বেড়া ভেঙে আনুমানিক ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে। স্থানীয়দের ডাকচিৎকারে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
একই দিন রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে, অভিযুক্তরা মসজিদের সামনে জামাল হোসেনের ভাই হারুন (৫৫)-কে বাঁশ ও লাথি দিয়ে মারধর করে গুরুতর আহত করে। আহতদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
জামাল হোসেন আরও জানান, অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, সুযোগ পেলে পুরো পরিবারের ওপর আক্রমণ চালানো হবে। এ কারণে পরিবারটি আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, অভিযোগের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) আবেদন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











