খবর বাংলা ডেস্ক :
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যান্সার, কিডনি ও অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের জন্য বড় ধরনের সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে যেখানে এককালীন চিকিৎসা সহায়তা ৫০ হাজার টাকা ছিল, সেখানে নতুন বাজেটে তা বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারি হাসপাতালে দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে শিগগিরই ৫ হাজার এমবিবিএস চিকিৎসক এবং প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এই স্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী।
অর্থমন্ত্রী আরও জানান, নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের সুযোগও সম্প্রসারণ করা হবে। তিনি দাবি করেন, বিগত সরকারের টিকা সংগ্রহ ও টিকাদান ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার কারণে দেশজুড়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল এবং শিশু মৃত্যুর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে বর্তমান সরকার প্রথম ১০০ দিনের মধ্যেই প্রায় শতভাগ শিশুকে হাম-রুবেলা টিকা দিতে সক্ষম হয়েছে।
এবারের বাজেটে স্বাস্থ্যখাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতে বরাদ্দ প্রথমবারের মতো জিডিপির এক শতাংশের ওপরে নির্ধারণ করা হয়েছে। নতুন অর্থবছরের জন্য স্বাস্থ্যখাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ। চলতি অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











