গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম নুঠুরচর গ্রামে সরকারি রাস্তার ইট তুলে নিজ বাড়িতে পাকা বাথরুম নির্মাণের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত আয়েশা বেগম ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলা গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচি (কাবিটা) আওতায় পশ্চিম নুঠুরচর গ্রামের জসিম মিয়ার বাড়ি থেকে আজমত হোসেনের বাড়ি পর্যন্ত প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ৬০০ মিটার সড়কে মাটি ভরাট ও ইটের সলিং করা হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের সভাপতি ছিলেন ইউপি সদস্য আয়েশা বেগম এবং কাজের দায়িত্বে ছিলেন তার স্বামী তোফাজ্জল হোসেন। প্রায় দুই মাস আগে দিনের বেলায় রাস্তার ইট তুলে রিকশাভ্যানে করে বাড়িতে নেওয়া হয়। পরে সেই ইট ব্যবহার করে পাকা বাথরুম নির্মাণ করা হয়েছে বলে দাবি গ্রামবাসীর।
এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে রাস্তার ইট তুলে নেওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে কৃষকদের মাঠ থেকে ফসল আনা-নেওয়ায় দুর্ভোগ বাড়ছে।
অভিযোগের বিষয়ে তোফাজ্জল হোসেন দাবি করেন, কাজ শেষে প্রায় সাড়ে তিন হাজার ইট উদ্বৃত্ত ছিল। সেই ইট দিয়েই বাড়িতে বাথরুম নির্মাণ করা হয়েছে। তবে সরকারি প্রকল্পের উদ্বৃত্ত ইট ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।
অন্যদিকে ইউপি সদস্য আয়েশা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, রাতের আঁধারে কিছু দুর্বৃত্ত রাস্তার ইট চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে প্রশাসনকে জানানো হয়নি বলেও জানান তিনি।
গোপালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানিয়েছে, ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ইউপি সদস্যকে তিন দিনের মধ্যে নিজ খরচে রাস্তা মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











