ঘাটাইল সংবাদ দাতা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় খালা ও ভাগনির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আঠারো দানা এলাকায় একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন লাইলী বেগম (২৮) ও মদিনা আক্তার (১৮)। তারা সম্পর্কে খালা–ভাগনি। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।
ঘাটাইল থানার উপপরিদর্শক সাইদুর রহমান জানান, খালাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘাটাইলে এক পরিচিতজনের বাড়িতে গিয়েছিলেন মদিনা। ফেরার পথে সামনে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।











