খবরবাংলা ডেস্ক :
চট্টগ্রামের আলোচিত অ্যাডভোকেট ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কর্ণফুলী থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, কিংবা তার বিরুদ্ধে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না—সে বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত কিছু জানাননি তারা।
পুলিশ জানিয়েছে, কামাল উদ্দিনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত কামাল উদ্দিন। নিজের ফেসবুক পেজে নিয়মিত ভিডিও প্রকাশ করেন তিনি। এসব ভিডিওতে আওয়ামী লীগকে ঘিরে বিভিন্ন মন্তব্যের কারণে আলোচনায় আসেন তিনি। নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ নেতা বলেও দাবি করে থাকেন কামাল উদ্দিন।
তথ্য সূত্র : যমুনা টিভি










