খবর বাংলা ডেস্ক :
চট্টগ্রামের আলোচিত দুইটি শিশু নির্যাতন ও হত্যার মামলার রায় আজ বুধবার (১৭ জুন) ঘোষণা করা হবে। মামলাগুলো হলো বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলা এবং বন্দরটিলায় শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলা।
রায় ঘোষণার জন্য দুই মামলার আসামিদের আদালতে হাজির করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চট্টগ্রামের বাকলিয়ায় গত ২১ মে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্ত শেষে একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। গত ১০ জুন থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং মাত্র কয়েক কার্যদিবসের মধ্যে তা শেষ হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঘটনার ২৫ দিনের মাথায় রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়।
অন্যদিকে বন্দরটিলা এলাকায় পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ও আজ ঘোষণা করা হবে।
পুলিশ জানায়, ২০২২ সালের ১৫ নভেম্বর আয়াত নিখোঁজ হয়। পরে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসার ভাড়াটে আবির এবং তার ১৭ বছর বয়সী এক বন্ধুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
দুই মামলার রায় ঘিরে চট্টগ্রাম আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।











