খবর বাংলা ডেস্ক :
দেশের জ্বালানি সমস্যা সমাধানে করণীয় নির্ধারণের লক্ষ্যে জাতীয় সংসদে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট মন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে প্রতিমন্ত্রীসহ সরকারি দলের পাঁচজন এবং বিরোধী দলের পাঁচজন সংসদ সদস্য থাকবেন। বিরোধীদলীয় নেতা জানিয়েছেন, বিরোধী দল খুব দ্রুতই তাদের প্রতিনিধিদের নাম জমা দেবে।
এর আগে জাতীয় জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সংসদীয় এ বিশেষ কমিটি জ্বালানি খাতের বর্তমান সংকট বিশ্লেষণ করে কার্যকর সুপারিশ দিতে পারলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











