টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে এবারই প্রথম নতুন মুখ বিজয়ী হয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তারা জীবনের প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুনদের এই বিজয় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।
প্রথমবার নির্বাচিতদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল–১ (মধুপুর–ধনবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর আগে কয়েকটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি।
টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে বিজয়ী হয়েছেন লুৎফর রহমান মতিন। তিনি ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। আগের নির্বাচনগুলোতে অংশ নিলেও এবারই প্রথম সংসদ সদস্য হচ্ছেন।
টাঙ্গাইল–৫ (সদর) আসনে জয় পেয়েছেন সুলতান সালউদ্দিন টুকু। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পান। পূর্বে অন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার প্রথমবারের মতো জয় পান।
টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিজয়ী রবিউল আওয়াল লাভলু প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনে জয়ী হয়েছেন আহমেদ আযম খান। তিনি ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। আগের কয়েকটি নির্বাচনে অংশ নিলেও এবারই প্রথম জয় পান।
অন্যদিকে জেলার বাকি তিনটি আসনে বিজয়ীরা এর আগেও সংসদ সদস্য ছিলেন। টাঙ্গাইল–২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে জয়ী হয়েছেন সাবেক এমপি আব্দুস সালাম পিন্টু। তিনি ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়েছেন।
টাঙ্গাইল–৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক এমপি ও প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। মোটরসাইকেল প্রতীকে তিনি ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পান।
টাঙ্গাইল–৭ (মির্জাপুর) আসনে জয়ী হয়েছেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টাঙ্গাইলে নতুন ও অভিজ্ঞ নেতৃত্বের এই সমন্বয় আগামী দিনে এলাকার উন্নয়ন ও দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।











