খবর বাংলা ডেস্ক :
পবিত্র রমজান মাসের সূচনা উপলক্ষে বিশ্ববাসীর প্রতি শান্তি, মানবিকতা ও সংহতির আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। এক বার্তায় তিনি বলেন, রমজান বিশ্বজুড়ে মুসলমানদের জন্য আত্মচিন্তা, সংযম ও প্রার্থনার এক বিশেষ সময়, যা আশা ও শান্তির এক মহৎ দর্শন বহন করে।
তিনি উল্লেখ করেন, পৃথিবীর বহু মানুষের কাছে সেই আশা এখনো অধরা রয়ে গেছে। আফগানিস্তান থেকে ইয়েমেন, গাজা থেকে সুদান—বিভিন্ন অঞ্চলে সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি ও বৈষম্যের কারণে অসংখ্য মানুষ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। এই বাস্তবতায় রমজানের চেতনা মানুষকে বিভেদ দূর করে সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে উদ্বুদ্ধ করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
জাতিসংঘ মহাসচিব বলেন, কঠিন ও বিভক্ত এই সময়ে দুঃখে থাকা মানুষের পাশে দাঁড়ানো এবং সবার অধিকার ও মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা জরুরি। প্রতি বছর সংহতির প্রতীক হিসেবে তিনি একটি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে রোজার অভিজ্ঞতা ভাগ করে নেন বলেও জানান, যা তাকে শান্তি ও সহমর্মিতার বার্তায় অনুপ্রাণিত করে।
তিনি আশা প্রকাশ করেন, রমজানের চিরন্তন শিক্ষা বিশ্ববাসীকে একসঙ্গে কাজ করতে উৎসাহিত করবে—যাতে আরও শান্তিপূর্ণ, উদার ও ন্যায়ভিত্তিক একটি পৃথিবী গড়ে তোলা সম্ভব হয়।
তথ্য সূত্র : যমুনা টিভি











