খবরবাংলা ডেস্ক :
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামের সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।
স্থানীয় সময় গত রোববার দুপুর ১২টায় বৃষ্টিভেজা পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে নামফলক উন্মোচন করা হয়। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের প্রস্তাব অনুমোদন করে। গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, নামকরণের উদ্যোগের উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
এ ছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাবসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
উইলিস টাওয়ারের পাশেই খালেদা জিয়ার নামে সড়ক
সড়কটির পাশেই অবস্থিত শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই ভবনের কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি বিশ্বজুড়ে এফ আর খান নামে পরিচিত।
একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত এই টাওয়ারের পাশেই এখন শোভা পাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়কের নামফলক।
যে কারণে খালেদা জিয়ার নামে সড়ক
বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় সড়কটির নামকরণের কার্যক্রম পরিচালিত হয়।
নামকরণের প্রস্তাবে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদান তুলে ধরা হয়েছে। জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর জনপ্রিয়তাকে বিবেচনায় নেওয়া হয়।
এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার বিষয়টিও প্রস্তাবে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে শিকাগো শহরের আরেকটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।











