টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে অটোরিকশা চালক হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের অটোরিকশা, মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাতে টাঙ্গাইল সদর উপজেলার বেগুনটাল মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মকরম আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আদিবুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, নিহত জেলহাজ মোল্লার ব্যবহৃত একটি পুরোনো বাটন মোবাইল ফোন আসামির বাড়ি থেকে উদ্ধার করা হয়। এছাড়া নিহতের অটোরিকশাটি আসামির ভগ্নিপতির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি গামছা ও একটি নাইলনের রশিও উদ্ধার করে জব্দ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) গ্রেফতার আসামিকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।











