খবর বাংলা ডেস্ক :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ বাতিল করে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহাল করা হয়েছে। আদালতের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহফুজুল আলম মাসুম স্বাক্ষরিত পরিপত্রে বিষয়টি জানানো হয়।
পুনর্বহাল হওয়া ইউনিয়নগুলো হলো— দেউলাবাড়ি, ঘাটাইল সদর, জামুরিয়া, লোকেরপাড়া, আনেহলা, দিগড়, দেওপাড়া, সন্ধানপুর, রসুলপুর, ধলাপাড়া, সংগ্রামপুর, লক্ষিন্দর ও সাগরদিঘী।
জানা গেছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট রিটের আদেশ এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পূর্বে জারি করা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়। জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, ২০২৪ সালের ২৭ নভেম্বর জারি করা স্মারকের মাধ্যমে এসব ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। পরে আদালতের আদেশের আলোকে সে সিদ্ধান্ত বাতিল করা হয়।
সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ বলেন, হাইকোর্টে রিটের প্রেক্ষিতে এই পরিপত্র জারি হয়েছে এবং তারা আবার দায়িত্বে ফিরেছেন। তিনি আইনের প্রতি সম্মান জানিয়ে দায়িত্ব পালনের কথা বলেন।
উপ-পরিচালক মাহফুজুল আলম মাসুম বলেন, আদালতের নির্দেশনার ভিত্তিতে বিভাগীয় কমিশনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন, যার পরিপ্রেক্ষিতেই চেয়ারম্যানদের পুনর্বহাল করা হয়েছে।
তথ্য সূত্র : যুগান্তর











