টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়ে জনজীবন প্রভাবিত হচ্ছে। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে শিশু ও বৃদ্ধরা বেশি ভুগছেন। ভোর থেকে দুপুর পর্যন্ত চারপাশ কুয়াশার চাদরে ঢাকা থাকে, আর দিনের তাপমাত্রা কম থাকার কারণে সাধারণ মানুষ ও রোগীরা দুর্ভোগে পড়ছেন।
শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মানুষ টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেকেই হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ঋতু পরিবর্তনের কারণে কাশি, সর্দি, গলাব্যথা, নিউমোনিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহ, ভাইরাল ফ্লু ও ডায়রিয়ায় রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
বিশেষজ্ঞরা বলেন, শীতের সময় বাতাসে আর্দ্রতা কমে যায় এবং ধূলিকণার পরিমাণ বেড়ে যায়, ফলে ফ্লু, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো রোগের প্রকোপ বেশি দেখা দেয়। শিশুদের সুস্থ রাখতে শীতের কাপড়, মাথা ঢাকা রাখা এবং বাইরে অহেতুক ঘোরাঘুরি না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া ঠান্ডা লাগলে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না।
টাঙ্গাইল আবহাওয়া অফিস জানিয়েছে, জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারিতে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে।











