টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইল সদর উপজেলায় নিখোঁজের পর তিন বছর বয়সী শিশু আদিবার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঘরের পেছন থেকে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আদিবা নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তিন বছর বয়সী শিশুর এমন মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে, তাকে হত্যা করা হয়েছে কি না কিংবা এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তবে শিশুটির মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।










