টাঙ্গাইল সদর সংবাদ দাতা
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় টাঙ্গাইলে শতাধিক কৃষক-কৃষাণীর অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আক্তার।
বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে।
তারা আরও বলেন, কৃষি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, কৃষক দলের সাধারণ সম্পাদক ভিপি শামীম ও ভিপি মনির।
এ সময় কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, স্থানীয় উদ্যোক্তা, সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










