মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী জানুয়ারিতে। এ মাসে আবেদন গ্রহণের পর ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই দিনে একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা না রাখতে সময়সূচি সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। সভায় বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের মধ্যে সমন্বয় করে পরীক্ষার তারিখ নির্ধারণ এবং পবিত্র রমজান মাস বিবেচনায় রেখে ভর্তি পরীক্ষার সূচি তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।
সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ভর্তি পরীক্ষার সময়সূচিতে সমন্বয় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা বিশ্ববিদ্যালয়গুলোকেও ঘোষিত সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তাঁদের জন্য আয়োজিত সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরাও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ফল পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য রয়েছে।
সভায় ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়েও আলোচনা হয়। চলতি শিক্ষাবর্ষে এমসিকিউ পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হবে। তবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে বহুনির্বাচনী প্রশ্নের পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ভর্তি আবেদনের ন্যূনতম জিপিএ নির্ধারণে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ও বিশ্ববিদ্যালয়গুলোর আসনসংখ্যা বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বর্তমানে দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং ১৯টি সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করে। বাকি বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি কার্যক্রম পরিচালনা করে। ভর্তি কার্যক্রমে সার্বিক সমন্বয় নিশ্চিত করতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাবও সভায় উঠে আসে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সভায় দেশের ৪৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তাঁদের মনোনীত প্রতিনিধিরা অংশ নেন।










