টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল জেলায় পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১০টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন— মো. আয়নাল হক, মো. সানোয়ার হোসেন, মোহাম্মদ আলী, মো. ফরিদ মিয়া নিরব, আকলিমা, সজিব, লিটন, আব্দুল আইয়াল, মো. উবায়দুল্লাহ আল নোমান, মো. আনিছুর রহমান, মো. জয়নাল আবেদীন এবং আরিফুর রহমান আরিফ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, নাগরপুর, বাসাইল, সখীপুর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর, গোপালপুর ও ধনবাড়ী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তারা এসব থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি।
পুলিশ জানায়, সংশ্লিষ্ট মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর আহত করা, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।











