টাঙ্গাইল সদর সংবাদ দাতা
প্রতিযোগিতা আইন ২০১২-এর প্রয়োগ এবং এ আইনের আওতায় স্টেকহোল্ডারদের দায়িত্ব নিয়ে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘প্রতিযোগিতা আইন ২০১২ ও এর প্রয়োগের বিষয়ে স্টেকহোল্ডারদের দায়িত্ব এবং ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার।
সভায় প্রতিযোগিতা আইন ২০১২-এর বিভিন্ন দিক, এর যথাযথ প্রয়োগ এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলার সার্বিক ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক মোহাম্মদ ইসতিদার আলম, সহকারী পরিচালক মুহাম্মদ যুবায়ের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী শামছুন নাহার স্বপ্না উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। সভায় প্রতিযোগিতামূলক ও সুষ্ঠু ব্যবসা পরিবেশ নিশ্চিত করতে আইন সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।











