কালিহাতী
,
সংবাদ দাতা
টাঙ্গাইল–জামালপুর জাতীয় মহাসড়কে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কালিহাতী উপজেলার ধুনাইল নতুন বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নারী কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ঝাটিবাড়ী গ্রামের বাসিন্দা আজিজের স্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ওই নারীকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা চাটিপাড়া এলাকায় গিয়ে সেটি আটক করে।
পরে বিষয়টি কালিহাতী থানা পুলিশকে জানানো হলে তারা এলেঙ্গা হাইওয়ে পুলিশকে অবহিত করে। এলেঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় সড়ক দুর্ঘটনা রোধে দ্রুতগতির যানবাহনের ওপর আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।











