মির্জাপুর সংবাদ দাতা
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ। শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম এবং পিলখানার বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন।
তিনি বলেন, বনানী থেকে গ্রেপ্তারের পর খন্দকার আব্দুল হাফিজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলা হতে পারে।
খন্দকার আব্দুল হাফিজ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের প্রয়াত খন্দকার আবুল হাকাম মিয়ার ছেলে। তিনি টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য।
জানা গেছে, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন হাফিজসহ সামরিক বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা। তিনি দলটির শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। বর্তমানে তিনি বঙ্গবন্ধু সেনা পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনে ছররা গুলিতে মির্জাপুর উপজেলার গোড়াই লালবাড়ি গ্রামের হিমেল নামে এক যুবকের দুই চোখ অন্ধ হয়ে যাওয়ার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি খন্দকার আব্দুল হাফিজ।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হিমেলের মা নাছিমা বেগমের করা মামলায় সাবেক মেজর হাফিজ দুই নম্বর এজাহারভুক্ত আসামি।











