ঘাটাইল সংবাদ দাতা
টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মধুপুর থেকে আনারস বোঝাই একটি অটোরিকশা ঘাটাইলের দিকে যাচ্ছিল। পথে দেওলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী ও চালক সড়কে ছিটকে পড়ে আহত হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে ভর্তি করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে রয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।











