ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহতরা হলেন— ট্রাক চালক শেরপুরের শ্রীবরদী থানার সোহেল ও টাঙ্গাইলের বাসাইল উপজেলার আমিনুর।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির পুলিশ উপ–পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী (চাল ও হাসঁ-মুরগী ভর্তি) ট্রাক সামনে থাকা কাভার্ড ভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। সংঘর্ষের পর ট্রাকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।











