ধনবাড়ী সংবাদ দাতা
টাঙ্গাইলের ধনবাড়ীতে রমজান মাসকে সামনে রেখে হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নাহার ফাউন্ডেশন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় অসহায় পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, ধনবাড়ী উপজেলা শাখা, টাঙ্গাইলের সভাপতি এবং ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি। তিনি বলেন, রমজানে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।
নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ফাউন্ডেশনের নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, নাহার ফাউন্ডেশন ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।











