খবর বাংলা ডেস্ক :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা বাড়াতে হাঁস পালনভিত্তিক সহায়তা কার্যক্রম চালু করেছে ব্র্যাক। এ লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে নাগরপুর এরিয়া অফিস শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি দরিদ্র পরিবারগুলোর পুষ্টি চাহিদা পূরণ এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নূরে আলম সিদ্দিকী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নাগরপুর উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা লিয়াকত আলী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ইন্দ্রজিৎ কুমার পাল, টাঙ্গাইল-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুল ইসলাম এবং ডিএসএস কৃষি কর্মকর্তা তানিয়া সুলতানা।
প্রশিক্ষণে হাঁস পালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা ও খামার পরিচালনা বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে ২০ জন নারী উদ্যোক্তার মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও পারিবারিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











