খবরবাংলা ডেস্ক :
নারীবিষয়ক নবম ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণকে গুরুত্বের সঙ্গে দেখছে পাকিস্তান। একই সঙ্গে ওআইসির কাঠামোর মধ্যে এবং এর বাইরেও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
সোমবার (১৩ জুলাই) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার-এর মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ইসহাক দার গত বছরের আগস্টে তাঁর ঢাকা সফরের কথা স্মরণ করে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাণিজ্য, শিক্ষা, সামাজিক কল্যাণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের আগ্রহের কথা তুলে ধরেন।
এ সময় দুই দেশের প্রতিনিধি দল বাণিজ্য, শিক্ষা, সামাজিক কল্যাণ, নারী উন্নয়ন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করার উপায় নিয়ে মতবিনিময় করেন।
দুই পক্ষই ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত সংলাপ এবং সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











