খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা ও ভূমিধসের ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
রোববার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি শোক ও সংহতি প্রকাশ করেন।
পোস্টে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ সরকারের প্রতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও দেশের জনগণের প্রতি মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হচ্ছে।
তিনি আরও বলেন, যারা এই দুর্যোগে স্বজন হারিয়েছেন এবং যাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রইল।
মালদ্বীপের প্রেসিডেন্ট আশ্বাস দিয়ে বলেন, এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা, শক্তি ও দ্রুত পুনরুদ্ধার কামনা করছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











