নির্বাচন বানচাল করতে একটি মহল ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, যারা এ দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাস করে না—তাদের বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, নৈরাজ্য সৃষ্টি করে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি দাবি করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহীন ও শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।











