খবরবাংলা ডেস্ক :
দেশের সব মাদরাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় এবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীরাও দুপুরের খাবার পাবে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদরাসার শিক্ষার্থীদের পোশাক, ব্যাগ ও জুতো সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদার।
লিখিত প্রশ্নে সংসদ সদস্য জানতে চান, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক, ব্যাগ, জুতো ও মিড-ডে মিল দেওয়ার উদ্যোগ নিয়েছে। কিন্তু এবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীরা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো তারাও একই সুবিধা পাবে কি না।
জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টিকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদেরও পোশাক, ব্যাগ, জুতো ও মিড-ডে মিল দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ‘মাদ্রাসা এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট প্রোগ্রাম’ নামে একটি স্কিম প্রণয়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এই স্কিমের আওতায় ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত পর্যায়ক্রমে দেশের সব মাদরাসায় মিড-ডে মিল চালু করা হবে। এ কর্মসূচিতে এবতেদায়ী মাদরাসাও অন্তর্ভুক্ত থাকবে। পর্যায়ক্রমে দেশের সব মাদরাসার শিক্ষার্থীদের এই সুবিধার আওতায় আনা হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











