খবর বাংলা ডেস্ক :
নোয়াখালীর চাটখিল উপজেলায় পানিতে ডুবে রোকেয়া (৯) ও রহিমা (৭) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ রামনারায়ণপুর গ্রামের আজম উদ্দিনের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই এলাকার আব্দুল মান্নানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সবার অগোচরে দুই বোন বাড়ির পশ্চিম পাশের পুকুরে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











