খবর বাংলা ডেস্ক :
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪২ গ্রাম ওজনের ৩১টি সোনার বারসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালায়। যশোর ব্যাটালিয়নের ১নং গেটের সামনে পাকা সড়কে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩১টি সোনার বার উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
অভিযানে সোনার বারের পাশাপাশি একটি প্রাইভেটকার, তিনটি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়। জব্দকৃত সোনার আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ১৩ লাখ ৬৪ হাজার টাকা বলে জানানো হয়েছে। সব মিলিয়ে মোট জব্দকৃত সম্পদের মূল্য ৭ কোটি ৬৮ লাখ টাকার বেশি।
আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া শেষে যশোর কোতয়ালী থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে এবং উদ্ধার হওয়া সোনা সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে “জিরো টলারেন্স” নীতির আওতায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











