খবর বাংলা
,
ডেস্ক
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারসহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় সংশ্লিষ্ট হিসেবে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রথম আলোর পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে ডেইলি স্টার এখনো মামলা করেনি; ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ শেষে তারা মামলা করবে বলে জানানো হয়েছে।
পুলিশ জানায়, প্রথম আলোর করা মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭ জনের মধ্যে থানা পুলিশ ১৩ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ৩ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) ১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অভিযান এখনও চলমান রয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারদের একজন নাইম (২৬)। তার কাছ থেকে লুট করা নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ওই টাকা দিয়ে কেনা একটি মোবাইল ফোন ও একটি ফ্রিজও পুলিশ জব্দ করেছে।
হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











