খবরবাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী ও এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদলের মধ্যে এ সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকটি আনুমানিক এক ঘণ্টা চলতে পারে।
সংলাপে এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর সঙ্গে থাকবেন সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
এর আগে রোববার (২২ নভেম্বর) রাতে নাহিদ ইসলামের বাসায় বৈঠক করেন এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর নেতারা। ওই বৈঠকেই সংলাপে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় এবং প্রতিনিধিদলের সদস্যদের চূড়ান্ত করা হয়।
জানা গেছে, জাতীয় সংসদের চিফ হুইপ টেলিফোনে এনসিপিকে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। তিনি জানান, চলমান নাশকতামূলক পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর মতামত শুনতে চান এবং এ বিষয়ে সরকারের অবস্থানও তুলে ধরবেন। তরুণদের রাজনৈতিক দল এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হচ্ছে।
এদিকে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলকেও পর্যায়ক্রমে সংলাপের আমন্ত্রণ জানানো হচ্ছে। জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিদেশ সফর থেকে দেশে ফিরলে আগামী ২৭ অথবা ২৮ নভেম্বর দলটির সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ হতে পারে।
এর আগে জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। পরবর্তী সময়ে লালমনিরহাটের এক জনসভায়ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেন সরকারপ্রধান।
তথ্য সূত্র : যমুনা টিভি











