খবরবাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু হতে যাচ্ছে সোমবার (২৩ নভেম্বর) থেকে। দেশের চলমান পরিস্থিতি ও রাজনৈতিক ঐক্য জোরদারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংলাপের অংশ হিসেবে আজ দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে।
এর আগে জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী দিনে নাশকতার বিভিন্ন ঘটনায় কঠোর হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি।
অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে ১১ দলীয় জোটের নেতারাও নিজেদের মধ্যে বৈঠক করেন। এসব বৈঠকের ধারাবাহিকতায় এবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসতে যাচ্ছেন সরকারপ্রধান।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশের সংকটময় পরিস্থিতিতে সরকারপ্রধানের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার দল।
জানা গেছে, এনসিপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলকেও পর্যায়ক্রমে সংলাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
এদিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর আগামী ২৭ অথবা ২৮ নভেম্বর তার সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ অনুষ্ঠিত হতে পারে।











