খবরবাংলা ডেস্ক :
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন সিআইআইডির কর্মকর্তারা।
এ সময় সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
একপর্যায়ে ওই যাত্রীর সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়। পাশাপাশি শরীরে কোনো অবৈধ বস্তু লুকানো আছে কি না, তা নিশ্চিত করতে তাকে স্ক্যানিংয়ের আওতায় আনা হয়। এ সময় নিজের শরীরে স্বর্ণের বার লুকিয়ে রাখার কথা স্বীকার করেন তিনি।
পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ওই যাত্রীর কাছ থেকে স্কচটেপে মোড়ানো কয়েকটি ধাতব বস্তু উদ্ধার করা হয়।
পরবর্তীতে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার উপস্থিতিতে স্কচটেপ খুলে দেখা যায়, সেগুলো স্বর্ণের বার। উদ্ধার করা ১৮টি স্বর্ণের বারের প্রতিটির ওজন ১১৭ গ্রাম।
সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
তথ্য সূত্র : যমুনা টিভি











