খবরবাংলা ডেস্ক :
বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করা হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসীদের নানা সমস্যা ও অভিযোগ দ্রুত বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এই সেল।
নতুন এ ব্যবস্থার আওতায় প্রবাসীরা তাঁদের যেকোনো সমস্যা, অভিযোগ বা আবেদন সরাসরি ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবেন। ই-মেইলে পাওয়া প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, প্রবাসীদের পাঠানো আবেদন ও অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে। এর ফলে গুরুত্বপূর্ণ অভিযোগগুলো নীতিনির্ধারণী পর্যায়ে দ্রুত পৌঁছানোর পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে।
অফিস আদেশে বলা হয়েছে, প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত সেলটি নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাওয়া আবেদন ও অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
অভিযোগ পাঠানোর জন্য [email protected] এবং [email protected] ই-মেইল ঠিকানা ব্যবহার করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের এই উদ্যোগের মাধ্যমে বিদেশে কর্মরত ও বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, হয়রানি ও প্রয়োজনীয় সেবা-সংক্রান্ত অভিযোগ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











