খবর বাংলা
,
ডেস্ক
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনের সাংস্কৃতিক পর্ব বহিরাগতদের হামলায় পণ্ড হয়ে গেছে। ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কর্তৃপক্ষ অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে। অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী নগর বাউল জেমসের গান পরিবেশনের কথা ছিল।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার পর, যখন অনুষ্ঠানের শেষ দিনের সাংস্কৃতিক পর্ব চলছিল। রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১০টার দিকে মঞ্চে নগর বাউল জেমসের গান পরিবেশনের খবর ছড়িয়ে পড়লে দূরদূরান্ত থেকে বহু মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হন। তবে অনুষ্ঠানটি উন্মুক্ত না হওয়ায় বাইরে অবস্থান করা বহিরাগতরা উত্তেজিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগতদের ছোড়া ইটপাটকেলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। একপর্যায়ে কয়েকজন বহিরাগত সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকলে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে আবারও বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকলে পুরো অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাত ৯টার দিকে র্যাফেল ড্র চলাকালীন হঠাৎ করেই বাইরে থেকে ইটপাটকেল ছোড়া শুরু হয়। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন এবং মঞ্চের মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে যায়। অনেকেই এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কথা তুলে ধরেন।
১৮৫ বর্ষ উদযাপন ও পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, বহিরাগতদের প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়।
তথ্য সূত্র : যমুনা টিভি











